কিশোরগঞ্জে শিগগিরই স্থাপন হতে যাচ্ছে নভেল করোনাভাইরাস পরীক্ষাগার। জেলা সদরের যশোদল এলাকায় অবস্থিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এ পরীক্ষাগার স্থাপন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, কিশোরগঞ্জে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। তবে এ জেলা থেকে ঢাকার পরীক্ষাগারে নমুনা পাঠানোর পর ফলাফল পেতে দীর্ঘ সময় লেগে যায়। ফলে স্থানীয় প্রশাসনের জন্য সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে। এ কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নির্দেশনায় কিশোরগঞ্জের সিভিল সার্জন ও জেলা প্রশাসক করোনা পরীক্ষাগার স্থাপনের প্রস্তাব পাঠান। এরই পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জে নভেল করোনাভাইরাস পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেয়া হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, পরীক্ষাগার স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আগামী ২০-২৫ দিনের মধ্যেই হয়তো আমরা নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু করতে পারব।
জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, রাষ্ট্রপতির উদ্যোগেই এ পরীক্ষাগারের কাজ বাস্তবায়ন হচ্ছে। আমরা তা দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করছি।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা বলেন, করোনা পরীক্ষাগারের যন্ত্রপাতি ঢাকা থেকে নিয়ে আসা এবং স্থাপন করতে যে সময়টুকু লাগবে ততটুকুই দেরি। আশা করছি এক মাসের মধ্যেই এখানে আমরা নমুনা পরীক্ষার কাজ
শুরু করতে পারব।