পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ৯৬ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

জলবায়ু পরিবর্তন ট্রাস্টে বরাদ্দ ১০০ কোটি টাকা

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ২ হাজার ২৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয়ে ৮২৭ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ে ১ হাজার ৪১৩ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। এ ছাড়াও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রস্তাব ছিল ২ হাজার ১৩৩ কোটি টাকা। এ হিসেবে মন্ত্রণালয়ে প্রস্তাবিত বাজেট বেড়েছে ৯৬ কোটি টাকা। তবে সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৮৩৭ কোটি টাকা।

বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পেশ করার সময় এ প্রস্তাবনা দেন। তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যাসহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগজনিত অভিঘাতে জর্জরিত। আমাদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে ৩ লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে।

অর্থমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূলীয় ম্যানগ্রোভ বনের ৫০ শতাংশকে কার্বন ট্রেডিং কার্যক্রমের আওতায় আনা হবে। ২০২৬-২৭ অর্থবছরে ২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা রোপণ, ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার চারা রোপণ, ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা রোপণ করা হবে। বসতবাড়ি বনায়নে ৫৬ লাখ চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট।

আরও