কুমিল্লায় মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

সোমবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।

কুমিল্লার দাউদকান্দিতে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।

গুলিবিদ্ধরা হলেন— উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৪০), তার ছোট ভাই ইব্রাহিম হোসেন (৩৫), ওলানপাড়া গ্রামের সেলিম সরকারের ছেলে ইয়াসিন মিয়া (২৬) ও লাকসাম উপজেলার আব্বাস উদ্দিনের ছেলে মোরশেদ মিয়া (৫০)। তাদের মধ্যে ইব্রাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওই প্রকল্পে পারভেজ গ্রুপের লোকজন মাছ ধরতে গেলে তাদের বাধা দেন ইসমাইল ও তার লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষ ও গোলাগুলিতে রূপ নেয়। এ সময় চারজন গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েদ চৌধুরী বলেন, ঘটনার পর ফোর্স নিয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। মাছ ধরা নিয়ে মূলত সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে ইয়াসিন, নাঈম ও ফরহাদ নামের তিনজনকে আটক করেছি। ইয়াসিন গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে।

ওসি আরো বলেন, এ ঘটনায় গুলি চালানোর সঙ্গে যারা জড়িত, তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।

আরও