মাদারীপুর

চালককে গলা কেটে হত্যার পর ভ্যান নিয়ে পালানোর সময় গণধোলাই

বুধবার (২ এপ্রিল) রাত ১০টার দিক জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলা নামক স্থানে রাস্তার পাশে ভ্যানচালক সায়েম মোল্লার (৬৫) গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

মাদারীপুরের শিবচরে এক ভ্যান চালক (৬০) বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় বৃদ্ধের ভ্যানটি নিয়ে পালানোর সময় জড়িত সন্দেহে এক দুর্বৃত্তকে স্থানীয়রা আটক করেছে। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করেছে ও স্থানীয়দের হাত থেকে ওই দুর্বৃত্তকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২ এপ্রিল) রাত ১০টার দিক জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলা নামক স্থানে রাস্তার পাশে ভ্যানচালক সায়েম মোল্লার (৬৫) গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এসময় স্থানীয়রা দলবেঁধে চারদিকে ছড়িয়ে পড়ে সায়েম মোল্লার ভ্যানটি উদ্ধারে নেমে পড়ে। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে স্থানীয়রা নিহত সায়েম মোল্লার ভ্যানটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় সৈকত ঢালীকে (৩৫) আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে এবং স্থানীয়দের হাতে আটককৃত সৈকতকে নিজেদের হেফাজতে নয়।

নিহত সায়েম মোল্লা শিবচর উপজেলার চরজানাজাত এলাকার বাসিন্দা। আর আটককৃত সৈকত ঢালী একই উপজেলার পাঁচ্চর ইউনিয়নের কেরানীরবাট এলাকার আদম আলী ঢালীর ছেলে।

কাঠালবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ বেপারী বলেন, এ ধরনের ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সৈকত ঢালী নামে একজনকে আটক করা হয়েছে। ছিনতাইকৃত ভ্যান ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতের শনাক্তের কাজ অব্যাহত আছে।

আরও