রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বে ৬৮ ভর্তিচ্ছু

এ বছর তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। এবার বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন সংখ্যা ৩ হাজার ৯৯৭টি, ফলে আসনপ্রতি লড়বে ৬৮ জন ভর্তিচ্ছু।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত ৭ ডিসেম্বর রাত ১২টায়। এ বছর তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। এবার বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন সংখ্যা ৩ হাজার ৯৯৭টি, ফলে আসনপ্রতি লড়বে ৬৮ জন ভর্তিচ্ছু।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বণিক বার্তাকে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

তিনি বলেন, গত ২০ নভেম্বর বেলা ১২টা থেকে রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছিল। আবেদন গ্রহণ করা হয়েছে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করার আর সুযোগ নেই।

এ বছর তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। 'এ' ইউনিটে (মানবিক বিভাগ) আবেদন জমা পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৪টি। 'বি' ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৩০ হাজার ৮৮৬টি। তার মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছে ১৮ হাজার ৪৫২ জন ও অ-বাণিজ্যদের সংখ্যা ১২ হাজার ৪৩৪ জন। 'সি' ইউনিটে (বিজ্ঞান বিভাগ) আবেদন পড়েছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি। তার মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছে ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নন, এমন আবেদন ৫ হাজার ৩৮৭টি।

জানা গেছে, ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৮৯৭টি, ‘বি’ ইউনিটে ৫৬৪টি; তন্মধ্যে বাণিজ্য শাখার জন্য ৩৭৫টি; বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১৫৮টি এবং মানবিক শাখার ৩১টি আসন হয়েছে। এছাড়া ‘সি’ ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৫৩৬টি। যার মধ্যে বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১ হাজার ৪৯৬টি; অবিজ্ঞান শাখার আসন সংখ্যা ৪০টি।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি 'সি' ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি 'এ' ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

আরও