বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, চিকিৎসক, নার্স ও মিডওয়াইফসহ বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া এরই মধ্যে চলছে।
আজ বুধবার (২২ এপ্রিল) সংসদে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বিসিএসের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। ৪৪তম বিসিএসের মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন ও ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ পেয়েছেন। এছাড়া ৪৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন ও ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেয়া হয়েছে।
মন্ত্রী আরো বলেন, ৪৫তম বিসিএসে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের কার্যক্রম চলছে।
মন্ত্রী বলেন, সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণের জন্যও নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে মিডওয়াইফ পদে নিয়োগের কাজও দ্রুত এগিয়ে নেয়া হচ্ছে।
তিনি জানান, মিডওয়াইফ পদে নিয়োগের জন্য গত ১৩ মার্চ সরকারি কর্ম কমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করে শূন্য পদগুলো পূরণ করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে জনবল সংকট দূর করতে সরকার ধারাবাহিকভাবে নিয়োগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মান আরো উন্নত হবে বলে সরকার আশা করছে।