সিরাজগঞ্জের উল্লাপড়ায় গরুবোঝাই পিকআপে ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাইবান্ধা সদরের ফুলকড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩০), একই জেলার সাঘাটা থানার হাসিলকান্দি গ্রামের সুবুজ আলীর ছেলে রাব্বি (২৫), নাটোরের বেড়াবাড়িয়া এলাকার সোহরাব আলীর ছেলে রানা (৩২) ও নাটোরের বাগাতিপাড়া থানার তমালতলা এলাকার শরিফুল ইসলামের ছেলে আয়ান (০৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গরু বিক্রি করে একটি পিকআপ ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। একই সময় রাজশাহীর দিক থেকে আসা ঢাকাগামী আমবোঝাই একটি ট্রাক সঙ্গে পুকুরপাড় এলাকা অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, দুর্ঘটনা চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।