গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন হাউসের ফিল্ড ফোর্স ও গ্রামীণফোন সেন্টারের (জিপিসি) এজেন্টদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করেছে গ্রামীণফোন। এ লক্ষ্যে গ্রামীণ হেলথটেক লিমিটেডের (জিএইচএল) সঙ্গে অংশীদারত্ব করেছে প্রতিষ্ঠানটি।
এ উদ্যোগের আওতায় সংশ্লিষ্ট কর্মীরা ‘সুখী’ ডিজিটাল হেলথকেয়ার অ্যাপের মাধ্যমে সারা বছর ২৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। চিকিৎসকের পরামর্শের পর ডিজিটাল প্রেসক্রিপশনও পাওয়া যাবে। পাশাপাশি হোম ল্যাব টেস্টে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং অনলাইনে ওষুধ কেনাকাটায় সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন তারা।
গ্রামীণফোন জানিয়েছে, দেশজুড়ে গ্রাহকদের সেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফ্রন্টলাইন কর্মীদের স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করার চলমান উদ্যোগের অংশ হিসেবে এ সেবা চালু করা হয়েছে। একই সঙ্গে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করার বৃহত্তর উদ্যোগেরও অংশ এটি।
এ উপলক্ষে সম্প্রতি গ্রামীণফোনের হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শরীফ মাহমুদ খান এবং গ্রামীণ হেলথটেকের চিফ বিজনেস অফিসার ও চিফ টেকনোলজি অফিসার (সিবিটিও) মোহাম্মদ সোলায়মান রাসেল একটি চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান ও চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম উপস্থিত ছিলেন। গ্রামীণ হেলথটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আহমেদ আরমান সিদ্দিকীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় জিএইচএলের সিবিটিও অ্যাপ, ওয়েব ও আইভিআর কল সেন্টারের মাধ্যমে ‘সুখী’ প্ল্যাটফর্মের প্রাথমিক স্বাস্থ্যসেবাগুলো ব্যবহার ও এর সুবিধা প্রদর্শন করেন।
গ্রামীণফোনের সিএমও ফারহা নাজ জামান বলেন, ডিস্ট্রিবিউশন হাউসের ফিল্ড ফোর্স ও জিপিসি এজেন্টরা প্রতিষ্ঠানের ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ এবং প্রতিদিন গ্রাহকদের সঙ্গে সরাসরি যুক্ত থাকেন। তাই তাদের স্বাস্থ্য ও সুস্থতা গ্রামীণফোনের অন্যতম অগ্রাধিকার। গ্রামীণ হেলথটেকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে তাদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য ও সুবিধাজনক করা হচ্ছে।
গ্রামীণ হেলথটেকের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, গ্রামীণফোনের ফিল্ড ফোর্স ও জিপিসি এজেন্টদের কাছে ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণফোনের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে তারা আনন্দিত। ‘সুখী’ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো স্থান থেকে সহজে স্বাস্থ্যসেবা সহায়তা নিতে পারবেন। এ উদ্যোগ কীভাবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরো সহজলভ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক করা যায়, তার একটি উদাহরণ। আমরা আশা করি এটি সারা দেশে গ্রামীণফোনের গ্রাহকদের সেবা দেয়া মানুষদের স্বাস্থ্য ও সুস্থতায় ইতিবাচক অবদান রাখবে।