খেজুরের রস খেতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাহমুদুর হাসান মিরাজ ও মো. ইউসুফ নামে দুই শিক্ষার্থী। তাদের মধ্যে নিহত মিরাজ সাভার সি এফ এম কলেজ থেকে মাধ্যমিক শেষ করেছে। আর মো. ইউসুফ সাভার ডেইরি ফার্ম হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে আশুলিয়ার সন্দীপ এলাকা থেকে ৬টি মোটরসাইকেলে ১২ জনের একটি দল মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় খেজুরের রস খেতে যায়। ফেরার পথে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের গেড়াদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ওই দলের একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।