সিলেট-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা
থেকে ১৪৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।
প্রতিটি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।
জানা গেছে, ভোট উপলক্ষ্যে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।
উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব। সাবেক সংসদ সদস্য ও দল থেকে সদ্য বহিষ্কৃত বিএনপির কেন্দ্রীয় নেতা শফি আহমদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন। লাঙ্গল প্রতীকে লড়ছেন আতিকুর রহমান আতিক। যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া ভোটে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
দক্ষিণ সুরমা, ফেঞ্জুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৩ আসনে
ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ
৫২ হাজার।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভূঞাকে দক্ষিণ সুরমা উপজেলায়, অঞ্জন কান্তি দাসকে বালাগঞ্জ উপজেলায় এবং সিলেটের মহানগর ম্যাজিস্ট্রেট মো. সুমন ভূঁইয়াকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় আদালত পরিচালনার নিমিত্তে প্রয়োজনীয় সংখ্যক সশস্ত্র পুলিশ নিয়োগ দেওয়ার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার এবং সিলেট জেলা পুলিশ সুপারকে (এসপি) নির্দেশনা দেওয়া হয়েছে।
মহামারি করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের কারণে দুই দফা পেছানোর পর সিলেট-৩ আসনে উপ-নির্বাচনের সিদ্ধান্ত হয়। গত ৫ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক বিশেষ হাইকোর্ট বেঞ্চ ১০ আগস্টের পর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন করার নির্দেশ দেন।