চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের দারুল উলুম কওমি মাদ্রাসার নাজেরা বিভাগের আবাসিকের ছাত্র ছিলেন।
মৃতরা হলেন- চন্দ্রবাস গ্রামের ডাক্তারপাড়ার সাইফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ মিয়া (১৩) ও একই গ্রামের মাঝেরপাড়ার শওকত আলীর ছেলে জুনায়েদ (১৩)।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদের জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে দুই শিক্ষার্থীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। তাদের পরিবারের সদস্যরা জানায়, তাদেরকে সাপে কামড় দিয়েছে। সেই মোতাবেক তাদের চিকিৎসা চলছিলো। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মাদ্রাসার শিক্ষক কুতুব উদ্দিন জানান, গতকাল রোববার দিবাগত রাতে আব্দুল্লাহ ও জুনায়েদকে সাপে কামড়ায়। এসময় তারা বমি করছিলো। আব্দুল্লাহর ডান পায়ে এবং জুনায়েদের বাম হাতে কামড়ের চিহ্ন দেখা যায়। মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় তাদেরকে প্রথমে গ্রাম্য চিকিৎসকের কাছে নেয়া হয়। ওই গ্রাম্য চিকিৎসক তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী হাসপাতালে ভর্তি করা হয়।
মাদ্রাসার পরিচালক হাজী আক্তার ফারুক বলেন, মাদ্রাসার আবাসনে ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের দু’জনকে সাপে কামড়ায়। চিকিৎসার জন্য তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সকাল পৌনে ৮টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।