ঘুষের টাকাসহ শ্যামনগরের সাব রেজিস্ট্রার গ্রেফতার

জমির দলিল করতে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ গ্রহণকালে শ্যামনগর উপজেলা সাব রেজিস্ট্রার পার্থ প্রতিম মুখার্জিকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার রাত ৯টায় সাতক্ষীরা শহরের সরকারি কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ঘুষের ১ লাখ টাকা উদ্ধার করা হয়।

জমির দলিল করতে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ গ্রহণকালে শ্যামনগর উপজেলা সাব রেজিস্ট্রার পার্থ প্রতিম মুখার্জিকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার রাত ৯টায় সাতক্ষীরা শহরের সরকারি কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ঘুষের ১ লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাব রেজিস্ট্রার পার্থ প্রতিম মুখার্জির মূল কর্মস্থল সাতক্ষীরার দেবহাটা উপজেলায়। শ্যামনগর উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করতেন তিনি। সেখানে দায়িত্ব পালনকালে ব্যাপকভাবে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ঘটনায় দুদক খুলনা সমন্বিত কার্যালয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা নং-১৪ তারিখ ৩০/১২/১৯।

দুদকের খুলনা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক নীল কমল পাল বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা শহরের কলেজ পাড়ার সাজ্জাদ হোসেনের বাড়িতে গত সোমবার রাতে ভূমি রেজিস্ট্রি কমিশন বসে। এ সময় সাব রেজিস্ট্রার পার্থ প্রতিম মুখার্জি জমির ক্রেতা সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজার ভাগনে ফজলুল হকের কাছ থেকে ১ লাখ টাকা ঘুষ আদায় করেন। এ টাকা লেনদেনের সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

দুদক কর্মকর্তা আরো জানান, এক একর দুই শতক জমির দাতা কাজী সফিকুল ইসলামসহ ১০ জন। জমির মূল্য বাবদ ৩৮ লাখ টাকা লেনদেন শেষে রেজিস্ট্রি সম্পন্ন হয়। পার্থ প্রতিম সাজ্জাদ হোসেনের বাড়িতে ভাড়ায় থাকেন। ওই বাড়িতেই বসেছিল কমিশন। সেখান থেকে ফজলুল হকের কাছে ১ লাখ টাকা ঘুষ আদায়কালে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, এ দুর্নীতির সঙ্গে আর কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন। এরকম দুর্নীতির সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।

সাতক্ষীরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারের পর পার্থ প্রতিম মুখার্জিকে সাতক্ষীরা সদর থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন খুলনা সমন্বিত কার্যালয়ে মামলা করা হয়েছে। মামলাটি দুদক কর্মকর্তারাই পরিচালনা করবেন বলে জানান তিনি।

এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার অজয় সাহা বণিক বার্তাকে বলেন, শ্যামনগর উপজেলা সাব রেজিস্ট্রার পার্থ প্রতিম মুখার্জি দুদকের হাতে গ্রেফতারের বিষয়টি এরই মধ্যে আমরা জেনেছি। তবে এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। কারণ মামলাটি দুদক তদন্ত করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না। তাছাড়া পার্থ প্রতিম মুখার্জি অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য শ্যামনগরে আসছিলেন। তার মূল কর্মস্থল হচ্ছে দেবহাটা উপজেলায়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তার সম্পর্কে কিছু বলা উচিত নয়।

আরও