স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার পর নিজেও ছুরিকাঘাতে আত্মহত্যা করেছে জয়

নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর নিজের গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও ২৭ মাস বয়সী মেয়ে জিনি সরকার।

বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে স্ত্রী-কন্যাকে হত্যাকে আত্মহত্যা করেছেন জয় সরকার।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জয় সরকার মাদকাসক্ত ছিলেন। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ার কারণে স্ত্রী বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেড়ে চলে যান, ফিরেও আসেন। বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জয়। পরে ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই স্ত্রী বৃষ্টি সরকার মারা যায়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জয় সরকার ও জিনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশংঙ্কাজনক অবস্থ্যায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তারা দুজনই মারা যায়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয় সরকার মাদকাসক্ত ছিলেন। তিনি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে বেপরোয়া আচরণ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার পর নিজেও ছুরিকাঘাতে আত্মহত্যা করেছে জয়।’

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ গুলো নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ কর্মকর্তা।

আরও