সাতক্ষীরায় বেড়েই চলেছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ছয় নারীসহ আরো ১০ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ৯ জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৭৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছে অন্তত ৪১৪ জন।
এদিকে সাতক্ষীরায় আবারো বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ১২৯টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৬৪ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৮৬ শতাংশ।
সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনাবিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে জেলায় মারা গেছে ১০ জন। জেলায় মোট ১২৯টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৬৪ শতাংশ। ৯ জুলাই পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ২১৩। জেলায় মোট সুস্থ হয়েছে ৩ হাজার ৩৯ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১ হাজার ৯৮ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৪১। এদের মধ্যে সামেক হাসপাতালে ২৪ ও বেসরকারি হাসপাতালে ১৭ জন ভর্তি অছে। হোম আইসোলেশনে আছে ১ হাজার ৫৭ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ৩৭২ জন।