দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে স্মার্টফোন। প্রযুক্তি পণ্যটি নানাভাবে জীবনকে যেমন সহজ করে তুলছে, তেমনি এর বিরূপ প্রভাব নিয়েও দেশে-বিদেশে চলছে বিস্তর গবেষণা। এমনই একটি গবেষণা পরিচালনা করেছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন গবেষক। ওই গবেষণার তথ্য বলছে, টানা স্মার্টফোনের ব্যবহার স্নায়ুর ওপর চাপ তৈরি করতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে স্মার্টফোনের অতি ব্যবহার আঙুলের শক্তি কমিয়ে দেয়, যা তাদের পরীক্ষায় লেখার গতিকে শ্লথ করে দিতে পারে।
শিক্ষার্থীদের হাতের লেখার শক্তির ওপর স্মার্টফোনের প্রভাব নিয়ে এ গবেষণা চালানো হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের তত্ত্বাবধানে গবেষণা দলে ছিলেন ওই বিভাগের দুই শিক্ষার্থী আদিত্য রাইহান আকিব ও ওয়াসিফ হোসেন।
পিঞ্চ স্ট্রেন্থের মানের ওপর স্মার্টফোন ব্যবহারের প্রভাব নির্ধারণ এবং স্মার্টফোন ব্যবহারের আগে ও পরে পিঞ্চ স্ট্রেন্থের কী পরিবর্তন হয়, তা বের করাই ছিল এ গবেষণার লক্ষ্য। পিঞ্চ স্ট্রেন্থ মূলত তর্জনী ও বৃদ্ধাঙ্গুলের মিলিত শক্তি, যা দিয়ে ছোট কোনো বস্তু ধরা হয়। কলম, সুই, স্ক্রু-ড্রাইভার ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে আঙুলের এ শক্তির প্রয়োজন হয়।
গবেষণার তথ্য বলছে, শিক্ষার্থীরা একটানা বেশিক্ষণ স্মার্টফোন ব্যবহার করলে তাদের পিঞ্চ স্ট্রেন্থ কমে যায়। স্মার্টফোন ব্যবহারের সময় মানুষ তার বেশির ভাগ শক্তি হাতের এ দুই আঙুলের ওপরই দিয়ে থাকে। আর কলম ধরার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ হওয়ায় গবেষণার জন্য তা বেছে নেয়া হয়।
পিঞ্চ স্ট্রেন্থ পরিমাপ করার জন্য ‘ডিজিটাল পিঞ্চ/গ্রিপ অ্যানালাইজার’ নামে একটি ইনস্ট্রুুমেন্ট ব্যবহার করা হয়। এ গবেষণায় পাওয়া তথ্য বিশ্লেষণের জন্য রিসার্চ টুল হিসেবে ব্যবহার হয়েছে মাইক্রোসফট এক্সেল ও স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টুল (এসপিএসএস) সফটওয়্যার।
মোট ৭১ জন শিক্ষার্থীর ওপর পরিচালিত এ গবেষণায় ডিজিটাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে প্রথমে প্রত্যেক অংশগ্রহণকারীর পিঞ্চ স্ট্রেন্থের মান বের করা হয়। তাদের ৬৮ দশমিক ১ মিলিমিটার, ৭৩ দশমিক ৯ মিলিমিটার ও ৭৭ দশমিক ২৬ মিলিমিটার—এ তিনটি ভিন্ন প্রস্থের স্মার্টফোন দেয়া হয়েছিল। ৩০ মিনিট পরপর পিঞ্চ স্ট্রেন্থের মান নেয়া হয়।
গবেষণায় পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রতি ৩০ মিনিট অন্তর শিক্ষার্থীদের পিঞ্চ স্ট্রেন্থ কমে যায়। আর ৯০ মিনিট পর এটির মান সবচেয়ে বেশি