ভোলায় বালি উত্তোলনে বাধা দেয়ায় স্থানীয়দের ওপর হামলা, গুলিবিদ্ধ ৩

ভোলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনে বাধা দেয়ায় স্থানীয়দের ওপর হামলার ঘটনা ঘটেছে।

ভোলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনে বাধা দেয়ায় স্থানীয়দের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ছোড়া ছররা গুলিতে তিনজন বিদ্ধ হয়েছেন। তাদের ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আয়ুব আলীর ছেলে মো. শাজাহান মীর (৬৫), ছিদ্দিক উল্লাহর ছেলে মো. আলী মৃধা (৫৫) ও পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. নয়নের ছেলে মো. অপূর্ব (১৮)। তাদের মধ্যে শাহজাহানের পিঠে, মো. আলীর গালে ও অপূর্বর মাথার পেছনে ছররা গুলির আঘাত লেগেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মেঘনা নদী থেকে বালি উত্তোলন করা হচ্ছে। এতে নদীভাঙনের ঝুঁকি রয়েছে। অনেকের বাড়িঘর মেঘনায় বিলীন হয়েছে। স্থানীয় বাসিন্দারা বালি উত্তোলনরত অবস্থায় একটি ড্রেজার আটক করে। পরবর্তী সময়ে স্পিডবোটে কিছু লোক ছররা গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় তিনজন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ শাজাহান মীর, মোহাম্মদ আলী ও অপূর্ব বলেন, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। এর প্রতিবাদে সকাল সাড়ে ১০টার দিকে আমরা বালি উত্তোলনে বাধা দিই। দুপুর সাড়ে ১২টার দিকে কিছু লোক স্পিডবোটে এসে আমাদের ওপর গুলি ছুড়ে। আমাদের প্রত্যেকের শরীরে একটি করে গুলি লেগেছে।

এ বিষয়ে জানতে চাইলে ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক বলেন, ‘স্থানীয়দের ওপর একটি গ্রুপ হামলা চালিয়েছে, এমন খবর পেয়েছি। সংশ্লিষ্ট থানায় বলেছি। সেখানে ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

আরও