গ্রাহকের টাকা আত্মসাৎ করায় গ্রামীণ ব্যাংকের বরিশালের উজিরপুর বামরাইল শাখার সাবেক ব্যবস্থাপক মাইদুল ইসলামকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেয়া হয়েছে। গতকাল বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. হারুন অর রশিদ।
তিনি মামলার বরাতে জানান, বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল গ্রামীণ ব্যাংক কেন্দ্রে ম্যানেজার থাকাকালীন ২০০৯ সালের ১৫ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার মাধ্যমে ১৭ গ্রাহকের ১ লাখ ৫৮ হাজার ৬৭০ টাকা আত্মসাৎ করেন মাইদুল ইসলাম। এ ঘটনায় বরিশাল দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে ২০১৪ সালের ২ জুলাই মামলা করেন। ২০১৭ সালে ২৭ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান মামলার চার্জশিট আদালতে জমা দেন।