দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমন্বয়কৃত স্বর্ণের দাম প্রকাশ করেছে সংগঠনটি, যা সকাল ১০টা থেকে কার্যকর হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের ভরিপ্রতি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করেছে বাজুস।
এর আগে গত ২৩ এপ্রিল স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করেছিল।
এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ৫৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩২ দফা বেড়েছে ও কমেছে ২৫ দফা। গত বছর ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই সময় বেড়েছিল ৬৪ বার ও কমানো হয়েছিল ২৯ বার।
স্বর্ণের সঙ্গে রৌপ্যের দামও কমিয়েছে বাজুস। ভরিতে ২৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিপ্রতি রৌপ্যের দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর ৩৬ দফা সমন্বয় করা হয়েছে রৌপ্যের দাম। যেখানে দাম ১৯ দফা বাড়ানো হয়েছে ও কমানো হয়েছে ১৭ দফা। গত বছর ১৩ বার সমন্বয়ের মধ্যে রৌপ্যের বেড়েছিল ১০ বার।