আপিল শুনানি: ইসি ভবনে প্রার্থীদের হট্টগোল ও উত্তেজনা

নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানিয়েছেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যেন ঘটনা আর না ঘটে। এ সময় তিনি ভুক্তভোগীদের নির্বাচনী তদন্ত কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পরামর্শ দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন আপিল শুনানি ঘিরে নির্বাচন কমিশন ভবনে ব্যাপক হট্টগোল ও উত্তেজনা তৈরি হয়েছে। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।

আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এর অডিটরিয়ামে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আপিল শুনানির সময় মূল উত্তেজনার শুরু হয়।

জানা গেছে, মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খানমের দ্বৈত নাগরিকত্ব নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা শুনছিল কমিশন। শুনানি শেষে কমিশন বিরতিতে গেলে দুই পক্ষের আইনজীবীরা তর্কে জড়িয়ে পড়েন।

এ সময় সেখানে উপস্থিত ফেনী-৩ আসনের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ক্ষোভ প্রকাশ করেন। তার মনোনয়ন বাতিলের বিষয়েও শুনানি ছিল। এর প্রতিবাদ জানান কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এতে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠলে পরবর্তীতে তাবিথ আউয়াল ও পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করেন।

বিরতি শেষে পুনরায় শুনানি শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। তিনি জানান, আব্দুল আউয়াল মিন্টু অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং বল প্রয়োগের চেষ্টা করেছেন। তিনি এ বিষয়ে কমিশনের কাছ থেকে প্রতিকার চেয়েছেন।

একই সময়ে কিশোরগঞ্জের এক প্রার্থীর আইনজীবী অভিযোগ করেন, শুক্রবার ১৬ জানুয়ারি শুনানি শেষে নির্বাচন ভবনের সামনে তার মক্কেলকে মারধর করা হয়েছে।

ঘটনার পর নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানিয়েছেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যেন ঘটনা আর না ঘটে। এ সময় তিনি ভুক্তভোগীদের নির্বাচনী তদন্ত কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পরামর্শ দেন।

আরও