ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন মকসুদা আক্তার প্রিয়া নামের এক নারী। রোববার সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে তিনি সন্তানদের জন্ম দেন। নবজাতকদের মধ্যে রয়েছে তিন ছেলে ও তিন মেয়ে।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ভোরে সিদ্ধিরগঞ্জের বাসা থেকে ঢামেকে নিয়ে আসা হয় মকসুদা আক্তারকে। ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একে একে ছয়টি সন্তানের জন্ম দেন তিনি।
নবজাতকদের জন্মের পর কম ওজন থাকায় তাদের এনআইসিইউতে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনকে ঢামেকে রাখা হয়েছে এবং বাকি তিনজনকে নীলক্ষেতের হুম কেয়ারে নেয়া হয়েছে।
মকসুদা আক্তারের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। তিনি কাতার প্রবাসী মোহাম্মদ হানিফের স্ত্রী। বর্তমানে পরিবার নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করছেন।
ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন জানান, সকালে এক মা স্বাভাবিকভাবে ৬ নবজাতকের জন্ম দিয়েছেন। গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল তার। বাচ্চাগুলো অপরিপক্ক ছিল। যাদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত।
তিনি বলেন, আমাদের এনআইসিইউতে ৩টি বেড খালি থাকায় ৩ নবজাতককে রাখা সম্ভব হয়েছে। ২ নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। এখানে বেড খালি হলে বাইরের হাসপাতালে যে নবজাতকদের রাখা হয়েছে তাদেরও এখানে নিয়ে আসা হবে।