সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি। মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়, সিলেটের 'সাদা পাথর” লুটপাটের ঘটনা কেন্দ্র করে এরই মধ্যে বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত একাধিক খবরের প্রেক্ষিতে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট, সিআইডি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ মোতাবেক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ওই লুটপাটের ঘটনায় প্রায় ৫০ জন ব্যক্তির প্রাথমিক সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ পাওয়ার পর সিআইডি এ অনুসন্ধান কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে। পরিবেশগত অপরাধ সংঘটন করে আর্থিকভাবে লাভবান হতে সাদা পাথর লুটপাটের ঘটনায় যে সব ব্যক্তি ও সংঘবদ্ধ অপরাধ চক্র জড়িত, তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ মোতাবেক যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।