ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসিরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে এগিয়ে যান ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। তাদের কথোপকথনের একপর্যায়ে পেছন দিক থেকে কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়।
এ ঘটনায় এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান।
এদিকে এক ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়। হামলায় আইনমন্ত্রী আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক আবদুল মজিদ এবং নব্য বিএনপি কর্মী রাশেদ খানের সম্পৃক্ততা রয়েছে।’
তিনি আরো লেখেন, ‘এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।’