জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের চরিত্র শেষ করে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। তারা সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থী দেশ গড়তে চায়, যেখানে নারীরা কাজ করতে পারবে না। কর্মজীবী নারীদের খারাপভাবে চিহ্নিত করা হচ্ছে। তাদের রাস্তায় নামতে দেবে না, স্বাভাবিক জীবন-যাপন করতে দেয়া হবে না। এ থেকে দেশ রক্ষায় গণভোটে ‘না’ ভোট দিতে হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় গণসংযোগের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। গণভোট করবে নির্বাচিত সংসদ সদস্যরা। বর্তমান সরকারের গণভোটের আয়োজন বেআইনি।
অর্ন্তবর্তী সরকারের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক কম জানিয়ে তিনি বলেন, তারা কখনো দেশ চালায়নি। তারা বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েম করতে চাচ্ছে। চিহ্নিত খুনিদের ছেড়ে দেয়া হচ্ছে আর নিরীহ মানুষকে বিভিন্ন মামলা দিয়ে জেলে দেয়া হচ্ছে। সর্বক্ষেত্রে অন্যায়-অত্যাচার করা হচ্ছে। ইনকিলাব বলে দেশ ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ অন্যরা।