রাজশাহীতে চালু হলো বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র। মঙ্গলবার (১৫ এপ্রিল) নগরীর শহীদ জিয়া শিশু পার্ক রোডে কেন্দ্রটির উদ্বোধন করেন বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী।
এ সময় গাজীপুর সাফারি পার্ক থেকে আনা প্রাপ্তবয়স্ক একটি পুরুষ ও নারী ঘড়িয়াল প্রজনন কেন্দ্রে অবমুক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- উপ-প্রধান বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক গোবিন্দ রায়, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্ল্যা পাটওয়ারী, বগুড়ার সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান।
রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী সংরক্ষক কার্যালয় জানায়, ঘড়িয়াল বর্তমানে মহাবিপদাপন্ন প্রাণী। এক সময় বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে দেখা গেলেও নদী দূষণ, নদীর নাব্য হ্রাস, অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ শিকার, পাচার, ডিম নষ্ট, প্রজননে ব্যাঘাত ঘটানো ও খাদ্য সংকটের কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে। তবে প্রজননের মাধ্যমে আবারো ঘড়িয়ালের বংশ বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।