ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে রোগীরা বের হয়ে আসেন। তবে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে নতুন ভবনের ছয়তলায় শিশু ওয়ার্ডের স্টোরের বিছানাপত্র থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টায় নতুন ভবনের ছয়তলার শিশু ওয়ার্ডের স্টোর থেকে ধোঁয়া বের হতে থাকে। ওয়ার্ডের লোকজন আগুন দেখে কর্তৃপক্ষকে জানালে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। বিকাল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় আতঙ্কে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে রোগীরা বের হয়ে নিচে চলে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো জানা যায়নি।

হাসপাতালের পঞ্চম তলায় কর্মরত এক নার্স জানান, বিকালের দিকে আগুন লাগে। সে সময় তারা ১৫ জন কিডনি রোগীর ডায়ালাইসিস করছিলেন। রোগীদের নিরাপদে সরিয়ে নেয়ার পর তারা ওয়ার্ড ত্যাগ করেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, ময়মনসিংহ ও ত্রিশাল ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আরও