নোয়াখালীর ৫ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত

বড় পীর আবু মুহম্মদ মহিউদ্দীন সৈয়দ আবদুল কাদির জিলানী (র.)-এর মতাদর্শে তৈরি হয় কাদেরিয়া তরিকা। এ তরিকার অনুসারী লক্ষ্মীনারায়ণপুর, হরিণারায়নপুর, বসন্তবাগ, ফাজিলপুর ও রামভল্লবপুর গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন নোয়াখালীর পাঁচটি গ্রামের মানুষ। রোববার (৩০ মার্চ) সকাল ৯টায় তিন উপজেলার ১০টি মসজিদে একযোগে ঈদের জামাতে অংশ নেন এ পাঁচ গ্রামের মুসল্লিরা।

গ্রামগুলো হলো, নোয়াখালীর সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর গ্রাম, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম।

জানা যায়, বড় পীর আবু মুহম্মদ মহিউদ্দীন সৈয়দ আবদুল কাদির জিলানী (র.)-এর মতাদর্শে তৈরি হয় কাদেরিয়া তরিকা। এ তরিকার অনুসারী লক্ষ্মীনারায়ণপুর, হরিণারায়নপুর, বসন্তবাগ ও ফাজিলপুর, রামভল্লবপুর গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর রোজা রাখেন। সে হিসাবেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা প্রায় ১০০ বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে আসছেন।

এদিন যেসব মসজিদে ঈদ জামাত হয়েছে, সেগুলো হলো বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বসন্ত বাগ গ্রামের সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ, বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের নগর বাড়ির দরজা জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির দরজা জামে মসজিদ, পশ্চিম বসন্তবাগ গ্রামের মুন্সি বাড়ির দরজা জামে মসজিদ, ফাজিলপুর গ্রামের দায়রা বাড়ির জামে মসজিদ, বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের জামে মসজিদ, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর দায়রা শরিফ ও নোয়াখালী পৌরসভার হরিণারায়নপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরিফ, খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাগীরি দায়রা শরিফে ঈদুল ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়।

গোলামে জাহাগীরি দায়রা শরিফের সাধারণ সম্পাদক সফিকুর রহমান বলেন, শত বছর ধরে আমরা এক সঙ্গে ঈদ উদযাপন করি। সৌদি আরবের সঙ্গে ঈদ করতে পেরে আমরা খুশি।

রশিদিয়া রহিমিয়া দরবার শরিফের ঈদের জামায়াতের ইমামতি করেন ইমাম হাফেজ মোবারক হোসেন রাকিব। তিনি বলেন, চাঁদ উঠার ওপর নির্ভর করেই রোজা রাখা এবং ঈদ উদযাপন করা হয়। পৃথিবীর আকাশে চাঁদ দেখা গেছে, শুধু বাংলাদেশ ছাড়া সৌদি আরবসহ সব মুসলিম দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে। এ কারণে আমরা তাদের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছি।

নোয়াখালীর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ আল-ফারুক বলেন, পাঁচ গ্রামের বাসিন্দারা এক দিন আগে রোজা রাখে এবং এক দিন আগে ঈদ করে। এ নামাজকে কেন্দ্র করে সেখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু ভাবে সবাই নামাজ শেষ করেছেন।

আরও