কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এক সাংবাদিককে মারধরের ঘটনায় এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন শাখা ছাত্রলীগের উপসমাজসেবা সম্পাদক ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনতাসির হূদয় এবং একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ। এছাড়া এ বিভাগের একই ব্যাচের আরেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য ও ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিরাজ খলিফাকে শৃঙ্খলা ভঙ্গের জন্য সতর্ক করা হয়েছে।
রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশ সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ২০৪ নং কক্ষে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ওই কক্ষের শিক্ষার্থী রাজু আহমেদকে তিন মাসের জন্য এবং ৩০৩ নং কক্ষের শিক্ষার্থী মুনতাসির হূদয়কে দুই মাসের জন্য সব একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে, যা আগামী সেমিস্টার থেকে কার্যকর হবে। এছাড়া ধীরেন্দ্রনাথ দত্ত হলের ৫০০২ নং কক্ষের শিক্ষার্থী মিরাজ খলিফাকে শৃঙ্খলা ভঙ্গের জন্য সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ জাতীয় কোনো কর্মকাণ্ডে জড়িত হবে না মর্মে মুচলেকা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ৪ জানুয়ারি রাত ১১টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সিট নিয়ে কথা বলার সময়
একটি দৈনিক পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য সজীবকে মারধরের ঘটনা ঘটে।