পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমা মুক্তি পেয়েছেন। গতকাল দুপুরে মাইকেল চাকমাকে চট্টগ্রামে মুক্তি দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা। এতদিন মাইকেল চাকমা গোপন বন্দিশালা ‘আয়নাঘরে’ বন্দি ছিলেন বলেও জানান তিনি।
ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা জানান, ‘মায়ের ডাক’-এর কর্মীরা ডিজিএফআইয়ের কার্যালয়ে প্রতিনিয়ত যাচ্ছেন। যেহেতু সেখান থেকে গুম হওয়া লোকেরা ছাড়া পাচ্ছে। সর্বশেষ গতকাল মাইকেল চাকমার মুক্তির জন্য কর্মীরা সেখানে উপস্থিত হয়েছিলেন। ডিজিএফআইয়ের একটি ইউনিট চট্টগ্রামে তাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ করে মাইকেল চাকমাকে হস্তান্তর করে।
মাইকেল চাকমা পাহাড়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত পাহাড়ের আঞ্চলিক সংগঠন প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক ও শ্রমজীবী ফ্রন্টের (ইউডব্লিউডিএফ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে তিনি গুম হন। এর পর থেকে তার কোনো হদিস মেলেনি। মাইকেল চাকমাকে উদ্ধার ও মুক্তির দাবিতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি ও তার সন্ধান দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল।