কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক
সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমাদের কথা অত্যন্ত
পরিষ্কার, এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না।
শনিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে চারটার
দিকে সরাইল উপজেলা গরু বাজার মাঠে বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যেরে ঊর্ধ্বগতি, সরকারের
দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির অবস্থান কর্মসূচিতে
তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে রুমিন ফারহানা বলেন,
মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না। মানুষের
অবস্থা খুবই খারাপ, এখন মানুষ জেগে উঠেছে। উন্নয়নের নামে যারা দেশের হাজার,
হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। জনগণের ভোটে যখন বিএনপি ক্ষমতায় আসবে।প্রত্যেকটি
ঘটনার বিচার করা হবে।
তিনি আরো বলেন, বিএনপির এমন একটি কর্মী
নেই, যার নামে মামলা হয়নি। কয়েক মাসে হাজার, হাজার নেতা কর্মীকে গ্রেফতার করেছেন।
আমাদের মহাসচিবকে দিনে গ্রেফতার করতে ভয় পান বলে রাতের বেলায় অন্ধকারে গ্রেফতার করেছেন।
মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয়। ১৫ বছরের দুঃশাসনের মাধ্যমে মানুষকে যে কষ্ট দিয়েছে
তাতে আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ শামীম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ডি এম দুলাল, যুবদলের আহ্বায়ক মো. সুফিয়ান, যুবদলের সদস্য সচিব মো. নুর আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল লস্কর প্রমুখ।