ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৫ হাজার।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সর্বশেষ পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে। এ সময়ে এ অঞ্চলে ৪১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১৯১, খুলনা বিভাগে ১৪১, রাজশাহী বিভাগে ১২৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১৩, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১১০, চট্টগ্রাম বিভাগে ১০৫, ময়মনসিংহ বিভাগে ৮০, রংপুর বিভাগে ৭২ এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার এবং দুজন বরিশাল বিভাগের বাসিন্দা। বাকি একজনের মৃত্যু হয়েছে রংপুর বিভাগে।
এদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯ হাজার ৩১৬ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪১৫ জন।
চলতি বছরের মোট আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ১ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৯ শতাংশ। তবে মৃত্যুর ক্ষেত্রে নারীর হার বেশি। এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫৩ দশমিক ১ শতাংশ নারী এবং ৪৬ দশমিক ৯ শতাংশ পুরুষ।