ভারত থেকে আসছে রেলের ১৯টি নতুন প্রজন্মের কোচ

বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে ভারত থেকে আনা নতুন প্রজন্মের ১৯টি লিংকে হফম্যান বুশ (এলএইচবি) কোচ।

গতকাল কোচের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ভারতের কাপুরথালার রেলকোচ ফ্যাক্টরি (আরসিএফ)।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোচ ও দুটি পাওয়ার কার। বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও পরিচালনগত প্রয়োজন বিবেচনায় নিয়ে বিশেষভাবে এসব কোচের নকশা ও বিভিন্ন সুবিধা সংযোজন করা হয়েছে।

পিআইবি জানিয়েছে, কোচগুলোয় যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য বিশেষভাবে তৈরি রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট রাখা হয়েছে। পাশাপাশি এসি কোচে ফ্যান, সমন্বিত সিসিটিভি নজরদারি ব্যবস্থা, যাত্রীদের জন্য অ্যালার্ম সিস্টেম, আংশিক খোলা যায় এমন জানালা, শিশু পরিচর্যা কক্ষ ও নামাজের কক্ষ রয়েছে। বাংলাদেশের বিশেষ পরিচালন পরিস্থিতি বিবেচনায় কোচের ছাদও শক্তিশালী করা হয়েছে।

নিরাপত্তার দিক থেকেও কোচগুলোয় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ইউরোপীয় মানদণ্ড ইএন ১৫২২৭ অনুসরণ করে সংঘর্ষে তুলনামূলক বেশি নিরাপত্তা নিশ্চিত করার মতো নকশা রাখা হয়েছে। এজন্য কোচের বডি শেলের নকশায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এছাড়া ভারতীয় রেলের প্রচলিত ৭৫০ ভোল্টের পরিবর্তে বাংলাদেশ রেলওয়ের প্রয়োজন অনুযায়ী এসব কোচে ৪১৫ ভোল্টের বৈদ্যুতিক ব্যবস্থা রাখা হয়েছে।

এর আগে ২০১৫-১৬ সালে বাংলাদেশ রেলওয়েকে ১২০টি কোচ সরবরাহ করেছিল আরসিএফ। সেই সফল অভিজ্ঞতার ভিত্তিতে ২০২৪ সালে ভারতীয় সংস্থা রাইটসের মাধ্যমে মোট ২০০টি নতুন কোচ তৈরির কার্যাদেশ দেয় বাংলাদেশ রেলওয়ে। নতুন এ ১৯ কোচের চালান মূলত সে চুক্তিরই প্রথম হস্তান্তর।

আরও