সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

এনায়েতপুর থেকে বেলকুচিগামী একটি অটোভ্যান মেঘুল্লা এলাকায় পৌঁছালে এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা এক্সপ্রেস বাস অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং একজন আহত হন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

আজ সকাল ৭টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানী থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস বাস এনায়েতপুরের দিকে যাচ্ছিল। পথে মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় বাসটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন অটোভ্যান আরোহীর মৃত্যু হয়। নিহতরা হলেন বেলকুচি উপজেলার আজগড়া গ্রামের মোতালেব সরকার (৫৫), তার স্ত্রী ফজিলা খাতুন (৪৫) ও জামতৈল এলাকার অটোভ্যান চালক নুরু (৪৫)। আহত হয়েছেন অটোভ্যানের অপর যাত্রী তামান্না খাতুন।

বেলকুচি স্টেশনের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার শহিদুর রহমান বলেন, এনায়েতপুর থেকে বেলকুচিগামী একটি অটোভ্যান মেঘুল্লা এলাকায় পৌঁছালে এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা এক্সপ্রেস বাস অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং একজন আহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। আহত তামান্না খাতুনকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঈমাম জাফর বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

আরও