মাদারীপুরে একটি এতিমখানায় সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে পৌর এলাকার দরগাহ শরীফ সংলগ্ন হযরত শাহ মাদার (র.) দরগাহ শরীফ এতিমখানাতে এ অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন দুদকের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান। এ সময় এতিমখানার মোহতামিম (পরিচালক) মো. আল-আমীনসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎকার নেয়া হয়। অভিযানে দুদকের টিম এতিমদের জন্য প্রাপ্ত সরকারি বরাদ্দ, ছাত্রসংখ্যা ও আর্থিক লেনদেন সম্পর্কিত নথিপত্র যাচাই-বাছাই করে।
দুদক কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছয় বছরে সরকারি হিসাবে ১৪৫ জন এতিম শিক্ষার্থীর জন্য মাসে ২ হাজার টাকা হারে প্রায় ২ কোটি ৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু বাস্তবে এতিমখানায় মাত্র ৪০ জন শিক্ষার্থী রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এছাড়া এতিমখানার সুপার মো. আল-আমীনের বিরুদ্ধে ৪৭ লাখ টাকার স্থায়ী আমানত (এফডি) জাল স্বাক্ষর করে উত্তোলনের অভিযোগ উঠেছে। দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের তদারকি ও নজরদারিতেও গাফিলতির অভিযোগ রয়েছে।
দুদক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের প্রমাণ মিলেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।