সিলেটে মধ্যরাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি সরকারি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে আগুনে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে গেছে।
শামসুদ্দিন হাসপাতালের আরএমও (আবাসিক চিকিৎসা কর্মকর্তা) ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুইটি মোটরসাইকেলে করে পাঁচ তরুণ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে গেছে।
সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সদস্য জুনাইদ বলেন, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটের সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি বের হয়। পরে আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি ৩টা ৪৮ মিনিটের সময় অফিসে ফিরে যায়।
অন্যদিকে রাত তিনটার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের অন্য একটি ইউনিট।
এ ইউনিটগুলোর দায়িত্বে ছিলেন ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া। তিনি বলেন, শামসুদ্দিন হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি সচল ছিল। এটি একেবারে পুড়ে গেছে। তাছাড়া কুমারগাঁও বাসস্ট্যান্ডের বাসটি পরিত্যাক্ত ছিল। আমরা বাসের গেইটের তালা খুলে আগুন নিয়ন্ত্রণে এনেছি।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুটি গাড়িতে আগুন দেয়ার খবর পেয়েছি। এতে নাশকতা আছে কি না তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে।