রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, রাজশাহী মহানগরীকে নতুনভাবে সাজাতে তিনি কাজ করতে চান। সরকারের নির্দেশনা মেনে সবার সহযোগিতায় এ কাজ এগিয়ে নেয়ার কথা জানান তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ।
সভায় প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী রাজশাহীকে আরো সুন্দর করে গড়ে তোলার কথা বলেছেন এবং সে লক্ষ্যেই তিনি কাজ করতে চান।
তিনি আরো বলেন, সিটি করপোরেশন একটি নাগরিক সেবার প্রতিষ্ঠান। তাই জনগণের প্রতি দায়বদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সেবা নিশ্চিত করতে হবে। সবাইকে দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে এবং কাজের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বাড়াতে হবে।
নাগরিক সুবিধা বাড়াতে নগরীর ৩০টি ওয়ার্ডে সড়ক ও নালা নির্মাণ করা হবে বলেও জানান প্রশাসক। আগামী ৯০ দিনের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন তিনি। এছাড়া চলমান উন্নয়ন কাজের গতি বাড়ানো ও অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেন প্রশাসক। কাজের মান ঠিক রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। সেখানে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ।
এ সময় সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, নিলুফার ইয়াসমিন ও এবিএম আসাদুজ্জামানসহ প্রকৌশল বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।