টিআইবি

নির্বাচনী প্রচারণায় বিটিভির খরচ ৫ কোটি টাকার বেশি; প্রাধান্য পেয়েছে বিএনপি

নির্বাচনী প্রচার সম্পর্কিত তথ্য প্রচারে প্রাধান্য পেয়েছে সংখ্যাগরিষ্ঠ পাওয়া বিএনপি। দলটি প্রায় ৩৫২ মিনিট ১৫ সেকেন্ড সুযোগ পেয়েছে। যা মোট ব্যয়িত সময়ের ৫৯ দশমিক ৩২ শতাংশ। আর্থিক মূল্যে যা ৩ কোটি ১৭ লাখ ২ হাজার ৫০০ টাকা। অর্থের এ পরিমাণ বিরোধীদলের ভূমিকায় থাকা জামায়াতে ইসলামীর তুলনায় দ্বিগুণ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণায় রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রায় ৫ কোটি ৩৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা খরচ করেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)।

সোমবার সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রবন্ধে নবনির্বাচিত সংসদ সদস্যদের সম্পদ, দায় ও পেশাগত অবস্থার চিত্র উপস্থাপন করা হয়।

এতে নির্বাচনী প্রচারণায় সরকারি টেলিভিশন চ্যানেলের ভূমিকা প্রসঙ্গে বলা হয়েছে গত বছরের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বিটিভির রাত ৮ টার খবরে নির্বাচন সম্পর্কিত সংবাদে রাজনৈতিক দল ও প্রার্থীদের পেছনে মোট ব্যয়িত সময় ৫৯৩ মিনিট ৫৫ সেকেন্ড। যার মোট প্রাক্কলিত আর্থিক মূল্য ৫ কোটি ৩৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

নির্বাচনী প্রচার সম্পর্কিত তথ্য প্রচারে প্রাধান্য পেয়েছে সংখ্যাগরিষ্ঠ পাওয়া বিএনপি। দলটি প্রায় ৩৫২ মিনিট ১৫ সেকেন্ড সুযোগ পেয়েছে। যা মোট ব্যয়িত সময়ের ৫৯ দশমিক ৩২ শতাংশ। আর্থিক মূল্যে যা ৩ কোটি ১৭ লাখ ২ হাজার ৫০০ টাকা। অর্থের এ পরিমাণ বিরোধীদলের ভূমিকায় থাকা জামায়াতে ইসলামীর তুলনায় দ্বিগুণ।

এ সময়ে জামায়াতের প্রচারণায় ১২৮ মিনিট ১৫ সেকেন্ড ব্যয় করেছে বিটিভি। যার আর্থিক মূল্য ১ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৫০০ টাকা। যা মোট ব্যয়ের ২১ দশমিক ৫৯ শতাংশ। আর এনসিপির জন্য ৭০ মিনিট ৩৯ সেকেন্ড ব্যয় করেছে বিটিভি; যার আর্থিক মূল্য ৬৩ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা। এটি মোট ব্যয়ের ১১ দশমিক ৮৯ শতাংশ।

স্বতন্ত্র প্রার্থীদের জন্য ব্যয় করেছে মাত্র ১০ সেকেন্ড। যার আর্থিক মূল্য ১৫ হাজার টাকা বা শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ। এছাড়া খেলাফত মজলিস, সিপিবি, ইনসানিয়াত বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম ও বিপ্লবী ওয়াকার্স পার্টির পেছনে ৪২ মিনিট ৩৬ সেকেন্ড ব্যয় করেছে। যার আর্থিক মূল্য ৩৮ লাখ ৩৪ হাজার টাকা বা ৭ দশমিক ১৭ শতাংশ। তবে প্রায় সাড়ে চার মাস ধরে চলা এই প্রচারণায় জাতীয় পার্টির জন্য ব্যয় করা হয়নি এক সেকেন্ডও সময়।

টিআইবি আরো বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীরা অনিয়ন্ত্রিত অর্থ ব্যয় করেছে। সবচেয়ে বেশি ব্যয় করেছে বিএনপি। তফসিল ঘোষণার আগে ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি ১১টি দলীয় পেজে ও ১১১ প্রার্থীর পেজে ২ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার ৩১২ টাকা ব্যয় করেছে। একই সময়ে জামায়াত ১১৫টি পেজে ১ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৩৬০ টাকা, এনসিপি ১৭টি পেজে ১০ লাখ ৮২ হাজার ৮৭৭ টাকা ব্যয় করেছে অনলাইন প্রচারে। ইসলামি আন্দোলন বাংলাদেশ ২১টি পেজে ২০ লাখ ৭৯ হাজার ৫৩১ টাকা এবং এবি পার্টি ৭টি পেইজে ৩ লাখ ২৯ হাজার ১৯২ টাকা ব্যয় করেছে।

মেটা প্ল্যাটফর্ম থেকে তথ্য প্রাপ্তির ভিত্তিতে ফেসবুক পেজসমূহের ব্যয় ধরা হয়েছে গবেষণায়।

আরও