দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক্টরচালকের নাম জুহিন (২৩)। তিনি উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকার বাসিন্দা। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুর থেকে ঢাকাগামী মোল্লা পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক্টরটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাক্টরচালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নিহত অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় পরপরই বাসচালক পালিয়েছেন। বাস ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।