আমানত শাহ ফেরি উদ্ধারে প্রত্যয়ের বদলে রুস্তম

মানিকগঞ্জের পাটুরিয়ায় আমানত শাহ ফেরিডুবির ঘটনায় আজ শুক্রবার তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। সকাল ৮টায় এ কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এদিকে, স্রোতের কারণে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আসতে দেরি হওয়ায় বিক্ল্প হিসেবে রুস্তমকে আনা হচ্ছে।

মানিকগঞ্জের পাটুরিয়ায় আমানত শাহ ফেরিডুবির ঘটনায় আজ শুক্রবার তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। সকাল ৮টায় এ কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এদিকে, স্রোতের কারণে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আসতে দেরি হওয়ায় বিক্ল্প হিসেবে রুস্তমকে আনা হচ্ছে।  

আজ সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান গোলাম সাদেক। তিনি বলেন, স্রোতের কারণে প্রত্যয়ের আসতে অনেক দেরি হবে। বিকল্প হিসেবে উদ্ধারকারী জাহাজ রুস্তমকে আনা হচ্ছে।

সাদেক আরো বলেন, আজ সন্ধ্যার মধ্যে রুস্তম উদ্ধারস্থলে পৌঁছাবে। উদ্ধারকারী জাহাজ হামজার মতো রুস্তমও যানবাহন উদ্ধারে কাজ করবে। সবগুলো যান উদ্ধার করা হলে পরবর্তীতে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে কাজ শুরু করা হবে। রুস্তম ও হামজা দিয়ে ফেরিটি উদ্ধার করা না গেলে বিকল্প ব্যববস্থাপনায় উদ্ধার কাজ করা হবে।

গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অভিযানে হামজার মাধ্যমে ৫টি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। গত বুধবার চারটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে তিনদিনে চারটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন উদ্ধার অভিযান ইউনিটের ইনচার্জ এবং বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ফজলুর রহমান। তিনি আরো জানান, পানির তলদেশে নতুন করে আরও তিনটি কাভার্ডভ্যািন ও একটি মোটরসাইকেল শনাক্ত করা গেছে। পর্যায়ক্রমে সেগুলো তোলা হবে।

ডুবুরিরা জানান, পানির তলদেশে অতিরিক্ত বালুর কারণে ফেরির নিচের অংশে ঢোকা যাচ্ছে না। তবে, তলদেশে ফেরির নিচে আরো যানবাহন থাকতে পারে।

ফেরি ডুবির ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয় ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের পৃথক দুটি তদন্ত কমিটি দল গতকাল বৃহস্পতিবার বিকেলে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানোয়ারুল হক বলেন, তদন্ত কাজ চলছে। ফেরি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।

উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে পণ্যবোঝাই ১৪টি ট্রাক ও কাভার্ডভ্যান এবং ৭টি মোটরসাইকেল নিয়ে রো-রো ফেরি আমানত শাহের তলা ফেটে নদীতে হেলে পড়ে ডুবে যায়।

আরও