রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের বহিষ্কৃত উপপ্রধান ড. রাজু আহমেদকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত মানববন্ধনে এ প্রতিবাদ জানান তারা। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। এর আগে শিক্ষার্থীরা প্যারিস রোড থেকে মিছিল বের করেন। মিছিলটি সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন ঘুরে পুনরায় প্যারিস রোডে এসে শেষ হয়।