রাঙ্গামাটি জেলা শহরের বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্র এলাকায় চালবোঝাই ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম মনিরা বেগম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চালবোঝাই ট্রাক ও সিএনজি অটোরিকশা উভয়ই চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি শহরে প্রবেশ করছিল। এ সময় টিভি স্টেশন এলাকার পাহাড়ি রাস্তায় উঠতে গিয়ে ট্রাকটি পেছনের দিকে পিছলে যেতে থাকে। পেছনে থাকা অটোরিকশাটি এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে। অটোরিকশায় থাকা চার আরোহী বেরিয়ে এলেও একজন চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ট্রাকের নীচে চাপা পড়া নারী ও অটোরিকশাটিকে উদ্ধার করে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক অটোরিকশার ওপর উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা একজন নারী আটকা পড়েন। সংবাদ পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের রেসকিউ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।
রাঙ্গামাটির কোতয়ালির থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। পরবতী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।