ডিসেম্বরের পর জানুয়ারি মাসেও প্রবাসী আয় (রেমিট্যান্স) ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ২০২৬ সালের প্রথম মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩ দশমিক ১ বিলিয়ন (৩১৭ কোটি) ডলার। দেশের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বারের মতো এক মাসে ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে প্রবাসী আয়। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে দেশে প্রবাসী আয় এসেছে ১৯ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।
কয়েক বছর ধরেই দেশের অর্থনীতি মন্দা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে কিছুটা স্বস্তি দিয়েছে প্রবাসী আয়। ২০২৪ এর আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই প্রবাসী আয়ে উল্লম্ফন দেখা গেছে। এ ধারবাহিকতায় গত বছরের মার্চে রেকর্ড ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স আসে দেশে। একক মাসের হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের পরিমাণ ছিল এটিই। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের মাস ছিল সদ্য শেষ পঞ্জিকাবর্ষের শেষ মাস ডিসেম্বর। ওই মাসে প্রবাসীরা বৈধপথে দেশে ৩২২ কোটি ডলার রেমিট্যান্স পাঠান। জানুয়ারি মাসের রেমিট্যান্স ছিল তৃতীয় সর্বোচ্চ। এ মাসে প্রবৃদ্ধি হয়েছে ৪৫ শতাংশ। গত বছরের জানুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছিল ২১৮ কোটি ডলার।
সাধারণত ঈদ-রোজা বা উৎসবকে কেন্দ্র করে দেশে রেমিট্যান্সের উচ্চ প্রবাহ দেখা যায়। জানুয়ারি মাসে এ ধরনের কোনো উৎসব না থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই রেমিট্যান্সে এ উল্লম্ফন দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামী ১২ ফেব্রুয়ারি।