তবে যেকোনো বড় বিপর্যয়ের মধ্যেই নতুন সুযোগ লুকিয়ে থাকে। আমাদের সেই সুযোগগুলো খুঁজে বের করতে হবে। বিশ্বের অনেক দেশ অস্থিরতার মধ্যেও সফলভাবে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, আমাদেরও খুঁজে দেখতে হবে। টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের ‘ম্যান-মেড ফাইবারে’ আমাদের উপস্থিতি নেই বললেই চলে। বৈশ্বিক চাহিদা বিবেচনায় আমাদের বর্তমান পলিসিগুলো খতিয়ে দেখা দরকার। কেন আমরা এখানে এগোতে পারছি না তা চিহ্নিত করা প্রয়োজন।
দেশের জিডিপিতে পোশাক খাতের অবদান ৩০ শতাংশ এবং মোট রফতানি আয়ের ৮৫ শতাংশই আসে এখান থেকে। এ বিশাল অর্জনের পেছনে অতীতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সরকারি প্রণোদনার বড় ভূমিকা রয়েছে। বর্তমানে আমরা কিছুটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও আমাদের উৎপাদন ও সরবরাহ সচল রেখেছি। বর্তমান সংকট কাটাতে এবং খাতটিকে আরো শক্তিশালী করতে নীতিনির্ধারকদের সরাসরি অংশগ্রহণ প্রয়োজন। সরকার যদি ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত আলোচনায় বসে এবং সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেয়, তবে এ শিল্প দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।