যদিও প্রায় এক মাস আগে শীতকাল বিদায় নিয়েছে। ফাল্গুনও শেষ দিকে। এ সময় নদী অববাহিকায় হঠাৎ করেই দেখা দিয়েছে ঘন কুয়াশা।
গতকাল ভোর থেকে পদ্মা অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। সকাল সাড়ে ৭টার দিকে পুরো নৌপথ ঢেকে যায়। নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
এ সময় মাঝনদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে খানজাহান আলী ও বাইগার নামে দুটি ফেরি। যদিও প্রায় আড়াই ঘণ্টা পর সকাল ১০টায় শুরু হয় ফেরি চলাচল।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম আবদুস সালাম জানান, পদ্মা অববাহিকায় হঠাৎই ঘন কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। কুয়াশা ভেদ করে নৌপথ দেখা যাচ্ছিল না। নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় দুই শতাধিক যানবাহন আটকে পড়ে। এর মধ্যে পণ্যবাহী শতাধিক ট্রাক ছিল।
যাত্রী ও পরিবহন শ্রমিকরাও চরম ভোগান্তির মধ্যে পড়েন। সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান আবদুস সালাম।