গাইবান্ধা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রুমন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত বড় ভাই রুহিত (২০)-এর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেলেও দুই নারীকে আটক করেছে পুলিশ।
উপজেলার পুর্ব পিয়ারাপুরে গতকাল রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পুর্ব পিয়ারাপুর গ্রামের ছানা হাজীর ছেলে রাকিবের সঙ্গে মৃত ফারুকের ছেলে রুহিতের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল রাত সাড়ে ৯টার দিকে উভয়ের মধ্য বাগ্বিতণ্ডা শুরু হলে একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে রুহিতকে আঘাত করে রাকিব।
এসময় রুহিতের ছোট ভাই রুমন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে রাকিব। পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় দুজনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রুহিত বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় খুনিদের গ্রেফতারে অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য রাকিবের মা বেবি বেগম ও তার স্ত্রী ইতি বেগমকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।