ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সল করিম মাসুদের মা-বাবাকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিংয়ে অভিযান চালিয়ে ফয়সলের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগমকে (৬০) গ্রেফতার করা হয়েছে।
একই সঙ্গে নরসিংদীর তরুয়ার বিল এলাকা থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্রসহ দুটি বিদেশী পিস্তল উদ্ধার এবং মো. ফয়সাল (২৫) নামের এক যুবককে আটক করার কথা জানিয়েছে র্যাব।
মো. ফয়সাল (২৫)। ছবি- র্যাব
র্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফয়সল করিম এই দম্পতির তৃতীয় সন্তান। ফয়সল প্রায়ই আগারগাঁওয়ে তাঁর বোনের বাসায় যাতায়াত করতেন। ঘটনার দিন ফয়সল একটি ব্যাগ নিয়ে ওই বাসায় ওঠেন। পরে বাসার চিপা দিয়ে কালো রঙের ব্যাগটি ফেলে দেন আবার তার ভাগনেকে দিয়ে নিয়ে আসেন। ফয়সল তার ব্যবহৃত দুটি মোবাইলের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি তার মা হাসি বেগমকে দেন। সেখানে বাবা-মায়ের সঙ্গে দেখা করেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ফয়সল সেদিন ওই বাসা থেকে চলে যাওয়ার পর হুমায়ুন কবির ও তার স্ত্রী তাদের ছোট ছেলে হাসান মাহমুদ বাবলুর কেরানীগঞ্জের বাসায় আসেন এবং তারা জুরাইন থেকে দুটি মোবাইল সিম কিনে ব্যবহার করছিলেন। এই দম্পতিকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।