বায়ুদূষণ রোধে নাগরিকদের সম্পৃক্ত করতে বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর আহ্বান জানিয়েছে সরকার। প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করে যথোপযুক্ত পুরস্কার দেয়া হবে।
মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে বায়ুদূষণ। যানবাহনের ধোঁয়া, ইটভাটার নির্গমন, বিভিন্ন কলকারখানার ধোঁয়া ও বর্জ্য পোড়ানোর ফলে দেশের বায়ুর মান দিন দিন উদ্বেগজনকভাবে নিম্নগামী হচ্ছে। এর ফলে শ্বাসতন্ত্রের রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, যা বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য গুরুতর বিপদ ডেকে আনছে।
পরিস্থিতি মোকাবেলায় সরকার বায়ুদূষণের উৎস চিহ্নিত ও নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়েছে, বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস হিসেবে বর্জ্য পোড়ানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে যেসব স্থানে বর্জ্য পোড়ানো হয়, সেসব এলাকার সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সরকার মনে করে।
বর্জ্য পোড়ানোর ঘটনা চোখে পড়লে সংশ্লিষ্ট ছবি [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। ছবির সঙ্গে অবশ্যই প্রেরক বা ফটোগ্রাফারের নাম, মোবাইল নম্বর, ছবির অবস্থান, এলাকার ঠিকানা ও ঘটনার সময় উল্লেখ করতে হবে।
প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে। নির্বাচিতদের যথোপযুক্ত পুরস্কার দেয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ রয়েছে।