বেসরকারি সংস্থা (এনজিও) ‘আশা’-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরী মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
আজ শুক্রবার সকালে ‘আশা’ এক সংবাদ বিবৃতিতে সফিকুল হক চৌধুরীর মৃত্যুর খবর জানিয়েছে। আজ বাদ জুমা রাজধানীর শ্যামলী শিশুপল্লী জামে মসজিদে সফিকুল হক তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে বিবৃতি জানানো হয়েছে।
সফিকুল হক চৌধুরীর জন্ম ১৯৪৯ সালে, হবিগঞ্জে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও এমএ ডিগ্রি অর্জন করেন।
১৯৭৮ সালে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা প্রতিষ্ঠা করেন সফিকুল হক চৌধুরী।
তিনি আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ম্যাটস ও হোপ ফর দ্য পুওরেস্ট-এরও প্রতিষ্ঠাতা। তিনি আশা ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
সফিকুল হক সাবেক তত্ত্বাবধায়ক সরকারের কৃষি, যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা ছিলেন।