চুয়াডাঙ্গায় ১৬৭ মি.মি. বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

চুয়াডাঙ্গায় বিরামহীন ভারি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

গতকাল ভোর ৩টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

টানা বৃষ্টিতে জেলার চারটি উপজেলার বিভিন্ন সড়ক ও পৌরসভা জলমগ্ন হয়ে পড়েছে। ড্রেনের নোংরা পানি ও বৃষ্টির পানি মিশে রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। তবে পৌরসভা ও সড়ক বিভাগের কোনো তৎপরতা দেখা যায়নি। বৃষ্টির কারণে ফসলি মাঠ পানিতে ডুবে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। ফলে রাস্তায় রিকশা ও ইজিবাইকের সংখ্যা ছিল অনেক কম।

এদিকে দামুড়হুদার চিৎলা-গোবিন্দহুদা গ্রামে ফসলি জমি থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছিল। এর ফলে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের পাশের মাটি আলগা হয়ে যায়। বৃষ্টির পানির তোড়ে সড়কটির একাংশ ভেঙে গেছে। এতে হাজার হাজার মানুষের যাতায়াতকারী এ সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া জয়রামপুর কাঁঠালতলা বাজার থেকে কুমারীদহ যাওয়ার রাস্তাও ধসে গেছে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানান, এলজিইডির প্রকৌশলীদের সঙ্গে নিয়ে সড়কটি দ্রুত সংস্কার ও চলাচলের উপযোগী করার কাজ চলছে।

আরও