রাজধানীর গুলশান ও বনানী এলাকার সড়কে চলাচলে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ। আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে যান চলাচলের নিয়ম পরিবর্তন করা হয়েছে। মহাখালী থেকে আসা যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী বা আমতলীর দিকে যেতে পারবে।
কাকলী ক্রসিংয়ে সব ধরনের রাইট টার্ন ও ইউটার্ন নিষেধ করা হয়েছে। গুলশান বা বনানীগামী যানবাহনগুলো বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন নিতে পারবে। তবে বাস ও বড় যানবাহনের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। এসব বড় ও ভারী যানবাহনকে আর্মি স্টেডিয়াম ইউটার্ন ব্যবহার করতে হবে।
ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, যানজট কমানো ও সড়কে শৃঙ্খলা আনতেই নতুন এ নিয়ম কার্যকর করা হয়েছে।