নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ নিহত ২

দুর্বৃত্তরা মৌগাতী ইউনিয়নের সাবেক মেম্বার দুজাহানকে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে যায়। এলাকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সহিংসতায় রূপ নেয়। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে নুর মোহাম্মদ।

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নে হামলা পাল্টা হামলায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো কয়েকজন। শনিবার দিবাগত রাতে মৌগাতী ইউনিয়নের জামাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
নিহত সাবেক ইউপি সদস্য দুজাহান (৪৮) জামাটি গ্রামের মইজ উদ্দিনের ছেলে। মৌগাতী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য জসুমা আক্তারের স্বামী তিনি। নিহত অপর জন একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে নুর মোহাম্মদ (৩০)।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুজাহান মিয়ার সঙ্গে একই এলাকার আমজাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার রাত ৮টার দিকে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তায় দুর্বৃত্তরা ধারালো দা দিয়ে দুজাহানকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সহিংসতায় রূপ নেয়। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নুর মোহাম্মদ। তাকে নেত্রকোনা হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়মনসিংহ নেয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা মৌগাতী ইউনিয়নের সাবেক মেম্বার দুজাহানকে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে যায়। এলাকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে রাত ১০টার দিকে একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে নুর মোহাম্মদ প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

আরও